বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের টাউন হল চত্বরের শহীদ মিনারে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম শুভ। এ সময় গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সংসদের সভাপতি মানসুর আল হাদী। এতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাসান তারেক, সহসাধারণ সম্পাদক ফারুখ হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সমীরণ সাহা, শাহবাগ গণজাগরণ মঞ্চের নেতা লাকী আক্তার প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাদের আন্দোলন অব্যাহত রাখবে।পরে বিকেলে স্থানীয় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের ২৫তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।