ময়মনসিংহ-জয়দেবপুর ডেমু ট্রেন উদ্বোধন
ময়মনসিংহে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘ময়মনসিংহের ১১টি আসনে আওয়ামী লীগের নির্বাচিত কোনো সাংসদ যদি ভুল করে থাকেন, তাহলে তাঁদের ডেকে নিয়ে আপনারা সংশোধন করে দেবেন। কিন্তু ছেড়ে দেবেন না। সরকারের এই মেয়াদে যে অভিজ্ঞতা হয়েছে, তা কাজে লাগিয়ে আগামী দিনে মানুষকে সেবা দেবে আওয়ামী লীগ।’ময়মনসিংহ-জয়দেবপুর পথে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন উদ্বোধনকালে এসব কথা বলেন রেলমন্ত্রী। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত এক সমাবেশে তিনি আরও বলেন, রেলের উন্নয়নে সরকার প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৮টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এগুলোর বাস্তবায়ন হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈল্পবিক পরিবর্তন আসবে। আসন্ন ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে প্রতিটি ট্রেনে বাড়তি কোচ সংযোজন করা ছাড়াও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। ডেমু ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমান, ময়মনসিংহের বিভিন্ন আসনের সাংসদ ও বাংলাদেশ রেলওয়ের মহাসচিব আবু তাহের।রেলওয়ে সূত্র জানায়, এই ডেমু ট্রেনে ২৯৮টি আসন এবং দাঁড়ানোর ব্যবস্থাসহ মোট ৬০০ যাত্রী চলাচলের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল নয়টা ৪০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে। ১০টি স্টেশনে যাত্রাবিরতি করে দুপুর ১২টা ৩৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। আবার দুপুর ১২টা ৫০ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে বিকেল তিনটা ৩০ মিনিটে ময়মনসিংহে পৌঁছাবে। ময়মনসিংহ থেকে জয়দেবপুর পর্যন্ত ৯১ কিলোমিটার রেলপথের ভাড়া ৪৫ টাকা, ময়মনসিংহ থেকে গফরগাঁও পর্যন্ত ভাড়া ১৮ টাকা এবং এক স্টেশন থেকে অন্য স্টেশনের সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।