ময়মনসিংহ থেকে আবার বাস চলাচল শুরু
বিরোধ না মিটলেও ঈদে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে গতকাল মঙ্গলবার থেকে ময়মনসিংহ থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বাস চলাচল শুরু করা হয়েছে।
পরিবহন মালিক সমিতির বিরোধের জের ধরে গত বুধবার থেকে বন্ধ ছিল ময়মনসিংহ থেকে ওই সব পথে চলাচলকারী প্রায় ৪০টি বাস।
ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও যশোরের বেনাপোলগামী বাস চলাচল নিয়ে পরিবহন মালিক সমিতির বিরোধের জের ধরে সিরাজগঞ্জ ও যশোরে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর জের ধরে গত বুধবার থেকে ময়মনসিংহ থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বাস চলাচল বন্ধ ছিল। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ভোগান্তির কথা বিবেচনা করে আপাতত বাস চলাচল শুরু করেছে। তবে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মালিকদের বিরোধ মেটেনি।
ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক বিকাশ সরকার বলেন, বিরোধ না মিটলেও ঈদে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত বাস চলাচল শুরু হয়েছে। ঈদের পর এ নিয়ে ঢাকায় দুই পক্ষের মধ্যে বৈঠক হবে।