ময়মনসিংহ থেকে আরও সাতটি রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও মোটরযান কর্মচারী ইউনিয়ন। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার থেকে ময়মনসিংহ থেকে বগুড়া, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, বুড়িমাড়ী ও লালমনিরহাট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার থেকে রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, যশোর, বেনাপোল ও খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব এলাকার যাত্রীদের মারাত্মক বিপাকে পড়তে হচ্ছে।জিলা মোটর মালিক সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও মোটরযান কর্মচারী ইউনিয়ন ২৪ ফেব্রুয়ারি শহরের জুবলী রোডের কার্যালয়ে যৌথ সভায় সিদ্ধান্ত নিয়ে পরদিন বৃহস্পতিবার থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখে। ওই সভায় আরও সিদ্ধান্ত হয়, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে কোনো ব্যবস্থা না হলে উত্তরবঙ্গের বিভিন্ন রুটেও বাস চলাছল বন্ধ রাখা হবে।