ময়মনসিংহ থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের বাস বন্ধ

পরিবহন মালিক সমিতির বিরোধের জেরে গত বুধবার থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে চলাচলকারী সব ধরনের বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ। এমনকি ঈদের আগে আদৌ এসব বাস চালু হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
গতকাল রোববার ময়মনসিংহের পাটগুদাম-সংলগ্ন উত্তরবঙ্গ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সব কটি পরিবহনের টিকিট কাউন্টার বন্ধ। যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন। কয়েকজন যাত্রী জানান, পেশাগত কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষ ময়মনসিংহে বসবাস করেন। ঈদের আগ মুহূর্তে বাড়ি ফেরায় বেশি ভোগান্তি হয়। এ কারণে অনেকে তাঁদের পরিবারের সদস্যদের অনেক আগেই বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু পাঁচ দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় এবার সেটা সম্ভব হচ্ছে না। ঈদে রংপুরে যাবেন হাফসা আক্তার। এই গৃহিণী বলেন, ‘ঈদে আদৌ বাড়িতে যেতে পারব কি না বলতে পারছি না।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বড় একটা অংশ উত্তরবঙ্গের। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। বাস বন্ধ থাকায় তাঁদের অনেকে টাঙ্গাইল হয়ে বাড়িতে যাচ্ছেন।
ময়মনসিংহ পরিবহন মালিক সমিতি সূত্রে জানা যায়, গত মে মাসে ময়মনসিংহ থেকে সাতক্ষীরার শ্যামনগর পর্যন্ত ‘শামীম এন্টারপ্রাইজ’ পরিবহনের দুটি বাস চালু হয়। পরিবহনের একটি বাসের মালিক ময়মনসিংহের আর অপরটির সাতক্ষীরার। চালুর কিছুদিন পর সিরাজগঞ্জ বাইপাসে ময়মনসিংহ মালিকের বাস থেকে যাত্রী নামিয়ে দেন সিরাজগঞ্জ পরিবহন সমিতির নেতাদের লোকজন। এর জেরে কিছুদিনের মধ্যে ময়মনসিংহ থেকে যশোরের বেনাপোলগামী বাসের যাত্রীদের যশোরের রাস্তায় নামিয়ে দেওয়া হয়। তখন ময়মনসিংহ মালিক সমিতির পক্ষ থেকে যশোরসহ উত্তর ও দক্ষিণবঙ্গের মালিকদের বাস চলাচলে বাধা দেওয়া হয়। এসব কারণে বুধবার থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে চলাচলকারী প্রায় ৪০টি বাস বন্ধ রয়েছে।