ময়মনসিংহ থেকে দক্ষিণ বঙ্গের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ থেকে রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, যশোর, বেনাপোল ও খুলনা রুটের সব বাস চলাচল গতকাল বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে বিপাকে পড়তে হয়েছে ওই সব রুটে চলাচলকারী যাত্রীদের।ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল হোসেন জানান, গত বুধবার সন্ধ্যায় শহরের জুবিলি রোডে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ওই সব রুটে বিভিন্ন সময়ে ঘটা ঘটনার প্রতিবাদে এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে। জেলা মোটর মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার যশোরের পালবাড়ীতে ময়মনসিংহ-বেনাপোল রুটে চলাচলকারী প্যাসিফিক সার্ভিসের গাড়ি আটক, শ্রমিকদের মারধর, যাত্রীদের মালামাল লুটপাট ও তাদের নাজেহাল করে নামিয়ে দিয়ে গাড়ি ছিনতাই করা হয়। এ ঘটনায় যশোর সদর থানায় মামলা দিতে গেলে মামলা নেওয়া হয়নি। তা ছাড়া গত তিন মাসে যশোরের বিভিন্ন স্থানে ও ঝিনাইদহের কালীগঞ্জেও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। কিন্তু এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এসব ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।