ময়মনসিংহ থেকে শুরু ধর্ষণবিরোধী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ থেকে গতকাল শুক্রবার শুরু হয়েছে দেশব্যাপী ধর্ষণবিরোধী প্রচারণা। যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট নামের একটি ছাত্র সংগঠনের উদ্যোগে এই প্রচারণা শুরু হয়। পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগে এই প্রচারণা চালানো হবে বলে জানায় সংগঠনটি।
প্রচারণার অংশ হিসেবে গতকাল বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনের সড়কে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের স্লোগান ছিল, ‘ধর্ষণের বিরুদ্ধে জাগ্রত ময়মনসিংহ’। এতে ময়মনসিংহের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাওয়ায় নারীদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রাষ্ট্রীয় আইনের কঠোরতা ধর্ষণ রোধ করতে সক্ষম। রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় নতুন করে উদ্বেগ জন্ম দিয়েছে।
মানববন্ধনে জানানো হয়, ‘জাগো নারী জাগো বহ্নি শিখা’ নামের ক্যাম্পেইনের মাধ্যমে ময়মনসিংহ বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্ষণবিরোধী প্রচারণা চলানো হবে।
যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন। এটি ২০১৫ সালে গঠিত হয়। ১১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক সভা করে সারা দেশে ধর্ষণবিরোধী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটির আহ্বায়ক শিবলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সাল থেকে ধর্ষকদের বিচারের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট চারটি দাবি নিয়ে কাজ করছেন তাঁরা। দাবিগুলো হলো বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ধর্ষকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড, আইনের সংশোধন করে ধর্ষণের শিকার মানুষটিকে নয় বরং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জেরা করতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী সেল গঠনের মাধ্যমে নিপীড়িত নারীর জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে হবে।