ময়মনসিংহ নাগরিক আন্দোলনের ৩১ দফা দাবি
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের এক বছর পূর্তিতে বিভাগ উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের কাছে ৩১ দফা দাবি জানিয়েছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন। গতকাল বৃহস্পতিবার শহরের তারেক স্মৃতি মিলনায়তনে এক বছরে ‘প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
গত বছরের ১৩ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন করে। এক বছরের মধ্যে দুটি অস্থায়ী কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও পুলিশের ডিআইজির কার্যালয়ের নিয়মমাফিক কার্য পরিচালনা ছাড়া আর কোনো সুফল এখনো মেলেনি। এর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য ৩১ দফা দাবি সরকারের কাছে তুলে ধরা হয়। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম এসব দাবি পড়ে শোনান।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শহরের প্রাণকেন্দ্র-খ্যাত গাঙ্গিনারপাড় থেকে যৌনপল্লি সরানো, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ডাবল রেললাইন স্থাপন, দ্রুত সময়ের মধ্যে সিটি করপোরেশন ও শিক্ষা বোর্ডের কার্যক্রম শুরু করা, ময়মনসিংহ শহরের সড়কগুলো প্রশস্ত করে যানজট নিরসন করা।