কর্মচারীদের হামলার প্রতিবাদে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।একই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে। পরে তারা হাসপাতালের স্টাফ নার্সেস হোস্টেলের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শিক্ষার্থীরা সমাবেশ থেকে আজ বুধবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন, মৌন মিছিল এবং কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন। আর নার্সরা আজ বুধবার চার ঘণ্টা, বৃহস্পতিবার ছয় ঘণ্টা, শুক্রবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।শিক্ষার্থী ও ডিপ্লোমা নার্সদের দাবিগুলো হলো: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অবিলম্বে অপসারণ, চিহ্নিত কর্মচারী জয়নাল আবেদিন, মো. মেহেরুল ইসলামসহ ১৩ জনকে চাকরিচ্যুতকরণ, আহত শিক্ষার্থীদের অবিলম্বে কেবিনে স্থানান্তর, নার্স-শিক্ষার্থীদের জন্য পাঁচটি করে কেবিন বরাদ্দ, হাসপাতালে কর্মরত সব নার্স ও শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা।এদিকে গতকাল দুপুরে সেবা পরিদপ্তরের সহকারী পরিচালক (শিক্ষা) সুরাইয়া বেগমের নেতৃত্বে ঢাকা থেকে একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নার্সিং কলেজের আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তার আগে দলটি নার্সিং কলেজের মিলনায়তনে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন।গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, একই বিছানায় একাধিক আহত শিক্ষার্থী শুয়ে আছেন। হাসপাতালের ভেতরে নার্সিং কলেজ ক্যাম্পাসে দেখা যায়, ছাত্রীনিবাসে হামলার ভয়ে ছাত্রীরা দলবদ্ধ হয়ে যাতায়াত করছেন। নার্সিং কলেজের ছাত্রকল্যাণ সংসদের সভাপতি আহত শেখ মো. জহিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘সোমবার হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে বর্বর হামলা চালিয়ে ৪০ জন শিক্ষার্থীকে আহত করেছে। তাদের শাস্তি দেওয়া হয়নি। উল্টো কর্মচারীরা বহিরাগতদের নিয়ে আমাদের নানা রকম হুমকি দিচ্ছে। সোমবার সন্ধ্যায় আমাদের একাধিক শিক্ষার্থীকে তারা হাসপাতাল এলাকায় ধাওয়া করেছে।’ হাসপাতালের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল বাশার বলেন, ‘সোমবার রাতে হাসপাতালের পরিচালকের আহ্বানে আমরা আলোচনায় গিয়েছিলাম শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য নিয়ে। কিন্তু সেখানে শিক্ষার্থীরা না আসায় আলোচনা ফলপ্রসূ হয়নি বিধায় আমরা চার দিনব্যাপী কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নিয়েছি।’হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান বলেন, ‘আলোচনা ফলপ্রসূ না হওয়ায় নার্সরা কর্মবিরতি পালন করে আমার অপসারণ চেয়ে স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে আমার কী করার আছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’বিএমএর ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছি। আশা করছি একটি সমাধানে আসতে পারব।’