ময়মনসিংহ-ফুলবাড়িয়ায় বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে কাতলাসেন বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে চার দিন ধরে বাস ফেলে রাখা হয়েছে। জেলা পরিবহন পরিচালনা কমিটি ফুলবাড়িয়া-ঢাকাগামী বাসগুলোকে একটি কাঁচা বাইপাস সড়ক ব্যবহারে বাধ্য করলে ফুলবাড়িয়ার বাস মালিক ও শ্রমিকেরা গত বৃহস্পতিবার থেকে এ প্রতিবন্ধকতা তৈরি করেন। এতে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে চার-পাঁচটি লোকাল বাস ছাড়া অন্য সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে অসুস্থ রোগী, শিক্ষার্থীসহ হাজার হাজার যাত্রী।ফুলবাড়িয়া থেকে ঢাকায় চলাচলকারী সিটিং সার্ভিস আলম এশিয়া প্রাইভেট লিমিটেডের সভাপতি এমদাদুল হক জানান, ফুলবাড়িয়া থেকে ঢাকাগামী বাসগুলো ময়মনসিংহ শহরের কালিবাড়ী সড়ক হয়ে মুক্তাগাছা ও জামালপুরের বাসগুলোর মতোই এত দিন ঢাকায় চলছিল। কিন্তু শহর দিয়ে এ সার্ভিসের বাস চলাচল বন্ধের জন্য কয়েক মাস ধরে ময়মনসিংহ মোটর মালিক সমিতির একটি পক্ষ তত্পর হয়ে ওঠে।এমদাদুল হক জানান, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাগডহর-দিঘারকান্দা বাইপাসের প্রায় তিন কিলোমিটার অংশ কাঁচা এবং চলাচলের অনুপযোগী। কিন্তু গত মঙ্গলবার জেলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক বিকাশ সরকার চিঠি দিয়ে জানান, জেলা পরিবহন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ওই কাঁচা বাইপাস সড়ক ব্যবহার করতে হবে। এরপর আমরা তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করি। কিন্তু জেলা মোটর মালিক সমিতি পুলিশের সহযোগিতায় গত বৃহস্পতিবার আমাদের বাস চলাচলে বাধা দেয়। এর প্রতিবাদে ওই দিনই ফুলবাড়িয়ার বাসমালিকেরা সভা করে সিদ্ধান্ত নেন, নির্দেশ প্রত্যাহার না করা পর্যন্ত চলাচলের অনুপযোগী ওই রাস্তায় কোনো বাস চলবে না। পরে শ্রমিকেরা রাস্তায় গাড়ি রেখে প্রতিবন্ধকতা তৈরি করেন।’ গত শনিবার ওই সড়কে গিয়ে দেখা যায়, কাতলাসেন বাজার থেকে ফুলবাড়িয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ৩০-৪০টি বাস বিক্ষিপ্তভাবে ফেলে রাখা হয়েছে। এতে এলাকার যাত্রীরা মোটরসাইকেল, টেম্পো ও রিকশায় কোনো রকমে চলাচল করছে। কিন্তু পণ্যবাহী ট্রাককে বাধ্য হয়ে মুক্তাগাছা ও ত্রিশাল হয়ে ২৫-৩০ কিলোমিটার ঘুরে ফুলবাড়িয়ায় পণ্য পরিবহন করতে হচ্ছে। ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকন উদ্দিন এলাকার মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘গত শুক্রবার বাইপাসটি পরিদর্শন করে দেখেছি এ সড়কের কাঁচা অংশটুকু বড় বাস চলাচলের অনুপযোগী। নির্দেশনাটি প্রত্যাহার করতে মালিক সমিতিকে অনুরোধ করেছি।’ময়মনসিংহ মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক বিকাশ সরকার জানান, জেলা পরিবহন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চিঠি দিয়েছি। জানি না কমিটির সদস্যরা সড়কটি সরেজমিনে দেখে এ নির্দেশ দিয়েছেন কি না। জেলা পরিবহন পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী বলেন, শহরের যানজট কমাতে জেলা পরিবহন পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বাইপাস ব্যবহার করতে বলা হয়। তিনি জানান, বাস চালাতে অসুবিধা হলে তারা আলোচনায় বসবে।