ময়মনসিংহ বক্ষব্যাধি ক্লিনিকে রোগী হয়রানি বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বক্ষব্যাধি ক্লিনিকে বিদ্যমান অব্যবস্থাপনা ও রোগীদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। গতকাল বুধবার ময়মনসিংহ পৌরসভার সম্মেলনকক্ষে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ ও অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকেরা এ প্রতিকার চান। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে এ বৈঠক আয়োজন করে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরীক্ষিত কুমার পাঁড়। এতে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ইমাম, সরকারি কর্মকর্তা, ব্র্যাকসহ অন্যান্য এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলার যক্ষ্মা নিয়ন্ত্রণের সার্বিক চিত্র তুলে ধরেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম আবদুর রব। এর পরই তিনি সাংবাদিকদের তোপের মুখে পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসক, এক্স-রে মেশিন না থাকাসহ দিনের পর দিন রোগীদের নানা রকম হয়রানির বিষয় উল্লেখ করে স্থানীয় সাংবাদিকেরা এসবের প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জেলা শহর হওয়া সত্ত্বেও বক্ষব্যাধি ক্লিনিকে দীর্ঘ দিন ধরে এক্স-রে মেশিন না থাকায় তাঁরা দুঃখ প্রকাশ করেন। জবাবে এ কে এম আবদুর রব জানান, এক্স-রে মেশিন চেয়ে এ পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে নয়টি চিঠি দেওয়া হলেও তা এখনো পাওয়া যায়নি। এক্স-রে মেশিন না থাকায় রোগীদের অসুবিধা হওয়ার কথা স্বীকার করে তিনিও এ জন্য দুঃখ প্রকাশ করেন। গোলটেবিল বৈঠকে উপস্থাপিত মূল প্রবন্ধ ও বক্তাদের বক্তব্যে জানা যায়, ময়মনসিংহে ২০১১ সালে সন্দেহজনক ৭৩ হাজার ৪৭৫ জন যক্ষ্মারোগীর কফ পরীক্ষা করা হয়। তাদের মধ্যে তিন হাজার ৫০৭ জন যক্ষ্মায় আক্রান্ত রোগীকে শনাক্ত করে বর্তমানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আরও জানানো হয়, বিশ্বে প্রতিবছর যক্ষ্মারোগে প্রায় এক কোটি লোক আক্রান্ত হয়। এর মধ্যে বাংলাদেশে ৭০ হাজার ও বাকি ১৭ লাখ সারা বিশ্বে মারা যায়। আর যক্ষ্মারোগে বেশি আক্রান্ত বিশ্বের ২২টি দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ। গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ময়মনসিংহের উপপরিচালক বিরাগ আনন্দনাথ, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি এ বি এম রফিকুল আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি এ জেড এম ইমাম উদ্দিন প্রমুখ।