ময়মনসিংহ বিভাগ গঠনের কার্যক্রম শুরুর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিভাগ গঠনের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিভাগকে দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ ঘোষণার প্রস্তাবে সায় দিয়ে বিষয়টি চূড়ান্ত করতে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) পাঠাতে বলেছে সরকার।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই ‘নির্দেশনামূলক সিদ্ধান্ত’ হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, কয়টি জেলা ও কত আয়তন নিয়ে ময়মনসিংহ বিভাগ হবে, তা নিকারের বৈঠকে চূড়ান্ত করা হবে। এ ছাড়া বৃহত্তর ফরিদপুর এবং বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীকে নিয়ে আরও দুটি বিভাগ করার উপযোগিতা আছে কি না, মন্ত্রিপরিষদ বিভাগকে তা দেখতে বলেছে মন্ত্রিসভা।
ময়মনসিংহ বিভাগের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে—জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই সব কাজ শেষ করা হবে। আগের দিন জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করে ঢাকাকে ভেঙে তিনটি বিভাগ করার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মানুষকে সত্যিকারভাবে সেবা দিতে গেলে, উন্নয়ন করতে হলে ঢাকাকে তিনটি ভাগে ভাগ করতে পারলে ভালো হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ময়মনসিংহ বিভাগ গঠনে এখন একটি কমিটি করা হবে। এই কমিটি বিস্তারিত সবকিছু তৈরি করে নিকারের বৈঠকে তুলবে। কোন কোন জেলা নিয়ে বিভাগ হবে, সেখানে কোন কোন দপ্তর থাকবে, তা চূড়ান্ত হবে নিকারের বৈঠকে।
বৈঠকে শাস্তির বিধান যুগোপযোগী করে ‘চা আইন ২০১৫’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, শাস্তির বিধান আগে বিস্তারিতভাবে বলা ছিল না, শাস্তির মাত্রাও কম ছিল। এটি যুগোপযোগী করা হয়েছে। আইন ভঙ্গে শাস্তির বিধান ন্যূনতম ছয় মাস এবং সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে। জরিমানার বিধান আগেও ছিল, তা এবারও রাখা হচ্ছে। কী পরিমাণ জরিমানা হবে, তা পরে চূড়ান্ত করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূলত সামরিক শাসনামলের ‘টি অর্ডিন্যান্স ১৯৭৭’ এবং এরপর ‘টি অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স ১৯৮৬’ অধ্যাদেশ আইনে পরিণত করার জন্যই এ উদ্যোগ। বাংলাদেশে চা আবাদের জন্য ১ লাখ ১৬ হাজার হেক্টর জমি বরাদ্দ রয়েছে এবং ৫৮ হাজার হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। চা-বাগানের বেশির ভাগ বেসরকারি মালিকানার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এগুলোকে প্রমোট ও রেগুলেট করার জন্য সরকার চা-বোর্ড করেছে, চা-বোর্ড কীভাবে কাজ করবে, তা এই আইনে বলা হয়েছে। চা-বোর্ডে একজন নতুন সদস্য অন্তর্ভুক্ত হবেন, চট্টগ্রাম বিভাগের কমিশনার এর সদস্য রয়েছেন। সিলেট বিভাগের কমিশনারকেও অন্তর্ভুক্ত করা হবে।
ময়মনসিংহ ও টাঙ্গাইল প্রতিনিধি জানান, ময়মনসিংহ ও টাঙ্গাইল পাশাপাশি দুটি জেলা। সরকারি ঘোষণা এসেছে, ময়মনসিংহ বিভাগ হচ্ছে। এ ঘোষণায় ময়মনসিংহবাসী উচ্ছ্বসিত, কিন্তু টাঙ্গাইলবাসী ক্ষুব্ধ। ময়মনসিংহের অধীনে নয়, তাঁরা টাঙ্গাইলকে ঢাকা বিভাগের অধীনেই দেখতে চান।
মন্ত্রিপরিষদের ১২ জানুয়ারির বৈঠকের পরই প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। এ খবরে সেদিনও ময়মনসিংহে ছিল আনন্দের জোয়ার। গতকাল সেই আনন্দ নতুন করে জেগে ওঠে।
বিভাগের দাবিতে আন্দোলন করে আসা ময়মনসিংহের নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতারা গতকাল সন্ধ্যায় শহরের বিশ্বেশ্বরী দেবী সড়কে অবস্থিত নাগরিক আন্দোলনের কার্যালয়ে সমবেত হয়ে মিষ্টিমুখ করেন। তাঁরা আরও বড় পরিসরে আনন্দ উদ্যাপনের বিষয়টি নিয়েও আলোচনা করেন।
নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন বলেন, নাগরিক আন্দোলনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আরও একবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানানোর জন্য কিছুদিনের মধ্যে ২০-৩০ হাজার লোক সমবেত করে আনন্দ মিছিল করা হবে।
তবে ময়মনসিংহকে বিভাগ ঘোষণার খবরে গতকাল তাৎক্ষণিকভাবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। ‘টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে তোরণ এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সালাম চাকলাদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ এতে বক্তব্য দেন। আজ মঙ্গলবার তাঁরা মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন।