ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবি
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে৷ বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়৷ এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন৷
কর্মসূচিতে বক্তারা বলেন, বৃহত্তর জনপদ হিসেবে আরও অনেক আগেই ময়মনসিংহ বিভাগ করা উচিত ছিল৷ দেশের মোট রাজস্বের বড় একটা অংশই দেন ময়মনসিংহের কৃষকেরা৷ বিভাগ না হওয়ায় এখানকার কৃষকসহ শ্রমজীবী মানুষও রাষ্ট্রীয় অনেক সেবা থেকে বঞ্চিত৷
বক্তরা বলেন, ৮০ লাখ মানুষ নিয়ে বরিশাল, ৮৫ লাখ মানুষ নিয়ে সিলেট এবং এক কোটি ৩৮ লাখ মানুষ নিয়ে রংপুর বিভাগ হতে পারলে প্রায় সোয়া দুই কোটি মানুষ নিয়ে বৃহত্তর ময়মনসিংহ কেন বিভাগ হবে না৷ বিরোধী দলে থাকা অবস্থায় ১৯৯৪ সালের অক্টোবরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সার্কিট হাউসের জনসভায় ময়মনসিংহ বিভাগ হওয়ার যৌক্তিক আখ্যা দিয়ে বিভাগ করার আশ্বাস দেন৷ কিন্তু ক্ষমতায় যাওয়ার পরও তিনি বিভাগ বাস্তবায়ন করেননি৷ বর্তমান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ময়মনসিংহ বিভাগ করার দাবি জানিয়েছেন৷ তিনি সংসদে বিষয়টি উত্থাপনও করেছেন৷
ময়মনসিংহকে বিভাগ ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন বক্তারা৷ কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল আমীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী এমদাদুল হক, আইনজীবী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন প্রমুখ৷