আগামী ৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর সামনে রেখে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে। ময়মনসিংহ নাগরিক আন্দোলন ও ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন কমিটি ও বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদ, ঢাকা গতকাল শনিবার যৌথভাবে এ দাবি জানিয়েছে। ময়মনসিংহ টাউন হল ময়দানে সংগঠন দুটির উদ্যোগে প্রতিনিধি সমেঞ্চলন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এখানে বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতারা বলেন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন এখন বৃহত্তর ময়মনসিংহবাসীর প্রাণের দাবি। তাঁরা বলেন, ৯০ লাখ মানুষ নিয়ে বরিশাল, ৯৫ লাখ নিয়ে সিলেট বিভাগ হলে দুই কোটির বেশি মানুষের ময়মনসিংহ কেন বিভাগ হবে না? বক্তারা বলেন, তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালে ময়মনসিংহে এসেছিলেন। তখন সার্কিট হাউসে তাঁর কাছে ময়মনসিংহকে বিভাগ করার দাবিসংবলিত সঞ্চারকলিপি দেওয়া হয়। পরে সার্কিট হাউস মাঠের জনসভায় সেদিন তিনি ঘোষণা দেন, তাঁর দল ক্ষমতায় এলে ময়মনসিংহকে বিভাগ করা হবে। কিন্তু এরপর তিনি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এলেও ময়মনসিংহকে বিভাগ করেননি। বক্তারা আরও বলেন, ‘ময়মনসিংহকে বিভাগ করার দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। আশা করি, প্রধানমন্ত্রী আসন্ন সফরে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের পদক্ষেপ নেবেন। অন্যথায় এ দাবি আদায়ে কঠোর আন্দোলন করা হবে।’ সমাবেশে বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বৃহত্তর ময়মনসিংহের পাঁচ জেলাসহ উপজেলা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের হান্নান খান, ময়মনসিংহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, পৌর মেয়র ইকরামুল হক প্রমুখ।