ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহ শহরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।অবস্থান কর্মসূচি পালনকালে বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহের অন্যান্য জেলায় গণসংযোগ এবং ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ময়মনসিংহ জেলা পরিষদের সামনে গণ-অনশন। মার্চের প্রথম থেকে শুরু হবে লাগাতার হরতাল, রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।এ সময় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ফয়েজুর রহমান ফকির, সদর আসনের সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতা আ ন ম ফজলুল হক পাঠান, মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌস আরা, গণফোরামের সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান, শিক্ষকনেতা অধ্যাপক রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ লুত্ফর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ, জেলা আওয়ামী লীগের নেতা মোয়াজ্জেম হোসেন, ট্রেড ইউনিয়নের নেতা ফয়জুর রহমান, পরিবেশ আন্দোলনের নেতা আবদুল মোতালেব, পৌরসভার প্যানেল মেয়র সফিকুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক শংকর সাহা, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমীন, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহম্মেদ প্রমুখ। আনিসুর রহমান খান তাঁর বক্তব্যে বলেন, ‘আসন্ন এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে আমরা ফেব্রুয়ারি মাসের কর্মসূচি ঘোষণা করেছি। এর মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নিলে মার্চের প্রথম থেকে আমরা (বৃহত্তর ময়মনসিংহবাসী) হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব।’ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে এর আগে গত ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেলে ময়মনসিংহ জেলা শহর ও বিভিন্ন উপজেলায় জনসংযোগ, পথসভা, প্রচারপত্র বিলিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।