ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ আগামী মাস থেকে আন্দোলনে নামছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ থেকে ৭ ফেব্রুয়ারি প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত জেলা শহর ও উপজেলায় জনসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিলি। ৮ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পালন করা হবে অবস্থান ধর্মঘট।ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আইনজীবী আনিসুর রহমান খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সদর উপজেলার সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফয়েজুর রহমান ফকির, সাবেক প্রতিমন্ত্রী জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, জেলা গণতান্ত্রিক পার্টির সভাপতি আতিকুর রহমান, জেলা ন্যাপের সভাপতি জিয়াউদ্দিন আহাম্মেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের নেতা মোয়াজ্জেম হোসেন, মফিজুন নূর প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও নাগরিক আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আনিসুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী হিসেবে ১৯৯৪ সালের ১৫ অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে এক জনসভায় ময়মনসিংহকে বিভাগে উন্নীতকরণের দাবি যৌক্তিক বলে ঘোষণা করেন। ময়মনসিংহবাসীর প্রত্যাশা, তিনি ময়মনসিংহ বিভাগ ঘোষণার যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগী হবেন।বক্তারা বলেন, বিভাগীয় শহরে যেসব সরকারি প্রতিষ্ঠান থাকে, তার বেশির ভাগই ময়মনসিংহে রয়েছে। ময়মনসিংহকে বিভাগ করার দাবি আগে জানানো হলেও নতুন করে দু-তিনটি বিভাগ করা হয়েছে।বক্তারা বলেন, জনসংখ্যার ভারে বিপর্যস্ত ঢাকার ওপর ক্রমবর্ধমান চাপ কমানোর প্রয়োজনেই প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জাতীয় স্বার্থেই ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা এখন সময়ের দাবি। নয়তো ময়মনসিংহবাসী বৃহত্ আন্দোলনে যাবে বলে ঘোষণা দেন তাঁরা।