ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে গণ-অনশন
বিভাগ বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার ময়মনসিংহে গণ-অনশন পালিত হয়েছে। জেলা নাগরিক আন্দোলন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গণ-অনশন চলে। এতে রাজনীতিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় ময়মনসিংহকে বিভাগ করার দাবি জানিয়ে বক্তব্য দেন অনশনে অংশ নেওয়া নেতারা। তাঁরা ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরেন এবং অবিলম্বে এই দাবি বাস্তবায়ন করে ময়মনসিংহবাসীর আশা পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন। নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খান, এমদাদুল হক, শিক্ষকনেতা সুলতান উদ্দিন, আবদুর রউফ মোশাররফ, কবি সফিক ময়মনসিংহীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। গণ-অনশন চলাকালে সাংস্কৃতিক কর্মীরা গান গেয়ে ও কবিতা আবৃত্তি করে সবাইকে উজ্জীবিত রাখেন।