ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালিত
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে গতকাল জনসংযোগ, পথসভা, প্রচারপত্র বিলিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ময়মনসিংহ শহরের পাঁচটি স্থানে এ কর্মসূচি পালন করে।সংগঠনের সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে শহরের পাট গুদাম মোড়, শম্ভুগঞ্জ সেতুর মোড়, কেওয়াটখালী বাজার মোড়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাজার মোড়ে এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।এসব পথসভায় বক্তব্য দেন সদর উপজেলার চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহম্মেদ ও ময়মনসিংহ চেম্বার অব কমার্সের পরিচালক শংকর সাহা।পথসভায় বক্তারা ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান। বিভাগ বাস্তবায়ন আন্দোলনে বৃহত্তর ময়মনসিংহের সব শ্রেণী-পেশার মানুষকে একত্র হওয়ারও আহ্বান জানান তাঁরা।