ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত না করা এবং কিশোরগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ লোক অংশ নেন।
মানববন্ধন শেষে ছাত্র-গণজমায়েতের ব্যানারে সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, কিশোরগঞ্জ দেশের বড় জেলাগুলোর মধ্যে একটি। এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিনের। ঢাকার সঙ্গে এই জেলার মানুষের সহজ যোগাযোগ গড়ে উঠেছে। এ অবস্থায় কিশোরগঞ্জকে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা হলে স্থানীয় লোকজন কোনোভাবেই তা মেনে নেবেন না। তাঁরা কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে রেখে এই পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানান।
সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, গণতন্ত্রী পার্টির জেলা কমিটির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ঢালী এবং সম্মিলিত অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক বিজয় রায়। পরে বক্তারা ওই দাবির সমর্থনে জনমত তৈরি করার উদ্দেশ্যে খোলা একটি ওয়েব পেজের উদ্বোধন করেন।