ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ২০৮ জনের করোনা শনাক্ত
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ৪৭ শতাংশ।
এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ৩৪ হাজার ৩৯৯। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এ নিয়ে বিভাগে মোট ১৮ হাজার ৮১৫ জন সুস্থ হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ময়মনসিংহ জেলার বাসিন্দা। অপর একজন শেরপুর জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন মোট ৫৫৫ জন। ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে নেত্রকোনার ১২১ জন, জামালপুরের ৯২ জন এবং শেরপুরের ৮৪ জন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২০৮ জনের মধ্যে ময়মনসিংহের ১৪৯ জন, নেত্রকোনার ৩৫, শেরপুরের ১৩ এবং জামালপুরের ১১ জন রয়েছেন। এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় ২০ হাজার ৩৯০ জন, জামালপুরে ৪ হাজার ৯৬৯ জন, নেত্রকোনায় ৪ হাজার ৬১৪ জন এবং শেরপুরে ৪ হাজার ৪২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ্ আলম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।