ময়মনসিংহ মহাসড়ক মেরামতে চলছে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার যে কাজ চলছে, সেখান থেকে পাথর-বালু ধার এনে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেরামত চলছে। অল্প বৃষ্টিতে যেসব স্থানে পানি জমে যায়, সেখানে পাথর ও বালু মিশিয়ে প্রয়োজনমতো উঁচু করে তার ওপর পিচ ঢালাই দেওয়া হচ্ছে।গাজীপুর সড়ক বিভাগের প্রকৌশলী আবদুর রউফ হেলাল জানান, এখন যেভাবে ময়মনসিংহ মহাসড়কের মেরামত চলছে, এটা বেশ টেকসই হবে। বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকি কমে যাবে। জরুরিভাবে দাউদকান্দি থেকে পাথর-বালু আনা হচ্ছে। এ কাজে ১২টি ট্রাক দিনরাত লাগানো হয়েছে। আশা করা হচ্ছে, দুই দিনের মধ্যে বড় বড় খানাখন্দ মেরামত করা সম্ভব হবে।সরেজমিনে দেখা যায়, সড়কের গাজীপুর অংশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাসন ও ভোগড়া এলাকায় সড়ক উঁচু করার কাজ চলছে। ভোগড়া ও বাসনে সড়ক বেশ নিচু। উভয় পাশের শিল্পকারখানা সড়কের চেয়ে অনেক উঁচু করে নির্মাণ করা। ভোগড়ায় সড়কের উভয় পাশে ফুটপাতসহ ড্রেন থাকলেও তার পুরোটাই ভেঙে গেছে। ড্রেনের আবর্জনা ও কারখানা থেকে ফেলা বর্জ্যে সারা বছর সড়কের ওপর পড়ে থিকথিকে হয়ে থাকে। প্রকৌশলী আবদুর রউফ হেলাল বলেন, ভোগড়া ও বাসনে সড়কের উভয় পাশে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ দুই এলাকা ছাড়াও পর্যায়ক্রমে চৌধুরীবাড়ি, ইউনিয়ন ফিলিং স্টেশন, উল্কা সিনেমা হল এলাকা, জ্যোৎস্না ফিলিং স্টেশনের সামনের এলাকা উঁচু করে নির্মাণ করা হবে।গতকাল দুপুরে উল্কা সিনেমা হল এলাকায় দেখা যায়, যন্ত্র দিয়ে সড়কের দুই পাশে জমে থাকা পলিথিনসহ ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। ১৫-১৬ জন শ্রমিক ভাঙা ড্রেনে আটকে পড়া আবর্জনা সরাচ্ছেন। বেশি ক্ষতিগ্রস্ত বাসন বাসস্ট্যান্ড এলাকায় পাথর ও বালুর স্তর দিয়ে সড়ক উঁচু করে পিচ ঢালাইয়ের কাজ চলছে। এদিকে মেরামতকাজের ক্ষেত্রে নিম্নমানের ইট ও আধলা বিছানোর অভিযোগ উঠেছে।এ ব্যাপারে সদ্য যোগদান করা নির্বাহী প্রকৌশলী শেখ সফিকুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ জাতীয় অভিযোগ আমিও শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি। অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’