ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচন গতকাল মঙ্গলবার স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের কর্মীরা কলেজে ভাঙচুর চালিয়েছেন। এ ছাড়া তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন।কলেজ সূত্র জানায়, আন্দোলনের মুখে দীর্ঘ নয় বছর পর ১৮ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন-২০১২ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে হিসেবে গঠিত নির্বাচন কমিশন ৪ জুন তফসিল ঘোষণা করে। ১০ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ও গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু অনিবার্য কারণ উল্লেখ করে সোমবার বিকেলে কলেজের অধ্যক্ষ মতিউর রহমান হঠাৎ করে এ নির্বাচন স্থগিত করার ঘোষণা দেন। গতকাল সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা কলেজের প্রশাসনিক ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সেখানে সমাবেশ শেষে তাঁরা বেশ কিছু আসবাব ভাঙচুর করেন। ঘটনার সময় কলেজের অধ্যক্ষ মতিউর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী প্রায় দেড় ঘণ্টা অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে গতকাল বিকেলে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার প্রতিবাদে এবং অবিলম্বে এ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্রধর্মঘট শুরুর ঘোষণা দেন।কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান অভিযোগ করেন, নির্বাচন স্থগিত হওয়ার মতো কোনো কারণ দেখা দেয়নি। এর পরও একটি মহলের স্বার্থ রক্ষায় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে।সাধারণ সম্পাদক রাইসুল আলম অভিযোগ করেন, নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া ছাত্রদলের স্বার্থ রক্ষায় এবং কলেজ ছাত্রলীগের রাজনীতি ধ্বংস করতেই এ নির্বাচন বন্ধ করা হয়েছে।তবে অধ্যক্ষ মতিউর রহমান দাবি করেন, একটি বড় দল নির্বাচন বর্জন করার ঘোষণা দেওয়ায় নির্বাচন গ্রহণযোগ্য হওয়া নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি সার্বিকভাবে কলেজের রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ নির্বাচন স্থগিত করা হয়েছে।২০০৩ সালের পর ময়মনসিংহ মেডিকেল কলেজে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্রলীগের দাবির মুখে সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করে।