ময়মনসিংহ মেডিকেল কলেজে লিফট ছিঁড়ে রোগীসহ আহত ৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীসহ একটি লিফট ছিঁড়ে পড়ে একই পরিবারের পাঁচজন সদস্য আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। লিফটে আটকে পড়া পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও রোগীসহ দুজন এখনো লিফটের ভেতর আটকে আছে। তাদের উদ্ধারে কার্যক্রম চলছে।
প্রত্যক্ষদর্শী ও রোগীর ভাগনে মোর্শেদুল ইসলাম উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের বরাত দিয়ে বলেন, তাঁর মামা জসিম উদ্দিন (৫৫) গতকাল হাসপাতালে ভর্তি হন কাটা হাত নিয়ে। আজ হাসপাতালের চতুর্থ তলার ১৯ নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে যাওয়ার জন্য জসিম উদ্দিন, তাঁর স্ত্রী পারভিন আকতার (৪৫), দুই ছেলে শাহিন আলম (২৪) ও মো. শিহাদ (১১) এবং মেয়ে সুমি আকতার (১৯) লিফটে ওঠেন। জায়গা সংকুলান না হওয়ায় মোর্শেদুল ইসলাম লিফটে ওঠেননি। পরে লিফটটি চতুর্থ তলা থেকে একটু নিচে নামার পরপরই ছিঁড়ে পড়ে। এতে লিফটের ভেতর থাকা সবাই কম-বেশি আহত হয়েছে। লিফটের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি করা হয়েছে। তবে রোগী জসিম উদ্দিন ও তাঁর ছোট ছেলে শিহাদ সন্ধ্যা সোয়া ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত লিফটে আটকে ছিল।
হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মতিউর রহমান ভূঁইয়া বলেন, লিফটটি পুরোনো নয়, খুব বেশি লোকও ওঠেনি। তারপরও কেন ছিঁড়ে পড়ল, তা তদন্ত করে দেখা হবে।