ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। ওয়ার্ডে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে গতকাল সোমবার হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। পরে তাঁরা হাসপাতাল চত্বরে মানববন্ধন ও ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এদিকে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে রোগীরা। গত রোববার রাত থেকে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। ইন্টার্ন চিকিৎসকেরা সংবাদ সম্মেলনে জানান, গত রোববার সন্ধ্যায় রোগী দেখা নিয়ে জয়নাল নামের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দলবদ্ধ হয়ে হাসপাতালের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের জানালার কাচ ও ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের বসার কক্ষের চেয়ার ভাঙচুর করেন। তাঁরা চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এর সুষ্ঠু বিচারের দাবিতে তাঁরা কর্মবিরতি শুরু করেছেন।ইন্টার্ন চিকিৎসক শাফায়েত মু. শান্তনু জানান, হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়ে বের হওয়ার পর চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাঁদের ধাওয়া দেন ও গালিগালাজ করেছেন। এর প্রতিবাদে তাঁরা বিকেলে হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মং টেন উইং জানান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।