ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ (ইন্টার্নি) এক চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে অন্য শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। তাঁরা লাঞ্ছিত করা ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা।

গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে আগে চিকিৎসা নিয়ে গেছেন—এমন এক নারী রোগীর অজ্ঞাত স্বজনেরা মাজহারুল ইসলাম নামের শিক্ষানবিশ এক চিকিৎসককে মারধর করে পালিয়ে যান। প্রায় ২০ দিন আগে ওই নারী রোগী চিকিৎসা নেওয়ার সময় ১৩ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার লুৎফা বিনতে কবীরের সঙ্গে রোগীর স্বজনেরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। গতকাল বিকেলে কয়েকজন যুবক এই ওয়ার্ডে এসে ওই ঘটনার প্রসঙ্গ তুলে লুৎফার সঙ্গে আবার খারাপ আচরণ করেন। একপর্যায়ে লুৎফা ওয়ার্ডে দায়িত্ব পালনরত শিক্ষানবিশ চিকিৎসকদের ডাক দেন। এ সময় ওই যুবকেরা মাজহারুলকে মারধর করে পালিয়ে যান। এ ঘটনায় গতকাল বিকেল থেকে শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনের কক্ষের সামনে জড়ো হয়ে দোষী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান ইন্টার্নি চিকিৎসক পরিষদের নেতারা। এ সময় তাঁরা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। তা না হলে হাসপাতালে কর্মরত অন্য চিকিৎসকেরাও তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতিতে যাবেন। এ ছাড়া শিক্ষানবিশ চিকিৎসকেরা নিজেদের নিরাপত্তার দাবি জানান। তাঁরা ভর্তি করা রোগীর স্বজনদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করারও দাবি জানান।

আজ বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক রোগীর স্বজন অভিযোগ করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকেরা সার্বক্ষণিক চিকিৎসা দেন। জ্যেষ্ঠ চিকিৎসকেরা দিনের নির্দিষ্ট সময়ে দুবার করে আসেন। আজ ওয়ার্ডগুলোতে ইন্টার্নি চিকিৎসকেরা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

হাসপাতালের পরিচালক বলেন, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা রক্ষার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা প্রতিস্থাপন করে নিরাপত্তা বাড়ানো হবে। তিনি দাবি করেন, ইন্টার্নি চিকিৎসক বাদে অন্য চিকিৎসকেরা তৎপর থাকায় চিকিৎসা সেবায় কোনো প্রভাব পড়ছে না।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছি। দোষী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।’