ময়মনসিংহ মেডিকেলে কর্মবিরতির ঘোষণা
রোগীর স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।
হৃদ্রোগ বিভাগ সূত্রে জানা যায়, গতকাল ভোরে হৃদ্রোগে আক্রান্ত রফিকুর রহমান (৬০) নামের এক রোগীকে হাসপাতালে আনার প র দায়িত্বরত চিকিৎসক রুহুল আমিন রোগীকে মৃত ঘোষণা করেন। এতে নিহত ব্যক্তির স্বজনেরা উত্তেজিত হয়ে পড়েন। চিকিৎসক রুহুল আমিনের অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ তুলে স্বজনেরা তাঁকে মারধর করেন। পরে রুহুল আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হৃদ্রোগ বিভাগের একজন চিকিৎসক বলেন, রুহুল আমিন তাঁকে বলেছেন ওই রোগী হাসপাতালে আনার পথেই মারা যান।
এদিকে চিকিৎসককে মারধরের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে কিছু সময়ের জন্য কর্মবিরতি পালন করেন হৃদ্রোগ বিভাগের চিকিৎসকেরা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করবেন।