ময়মনসিংহ মেডিকেলে ক্লাস বর্জন, মিছিল মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রেজা হাসান ওরফে ত্বকীর ওপর হামলার প্রতিবাদ ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল রোববার ক্লাস বর্জন করে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন এবং স্বরাষ্ট্রসচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন। একই দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা।
হামলায় সহযোগিতা করার সন্দেহে শফিকুল ইসলাম ও আলামিন নামের দুই ব্যক্তিকে গতকাল আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান কয়েকটি সড়ক ঘুরে শহরের বাঘমারা এলাকায় মেডিকেল কলেজ ছাত্রাবাসে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা মেডিকেল কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করেন।
বেলা একটার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের কাছে পাঁচ দফা দাবি উল্লেখ করে একটি স্মারকলিপি দেওয়া হয়। রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে ইন্টার্ন চিকিৎসকেরা পূর্বঘোষিত কর্মসূচি-কর্মবিরতি প্রত্যাহার করলেও বেলা ১১টা থেকে একটা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের সামনে কর্মবিরতি পালন করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, সন্ত্রাসী লিমনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
রেজা হাসানকে গত শনিবার শহরের কৃষ্টপুর এলাকায় লিমন নামের এক সন্ত্রাসী সহযোগীদের নিয়ে দা দিয়ে কুপিয়ে জখম করে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন৷