ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষে আহত ১০
ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪২তম ও ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত অধ্যক্ষের কার্যালয়, প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামে তালা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। পরে কলেজ কর্তৃপক্ষ বিএমএর নেতাদের সঙ্গে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা তালা খুলে দেন। এ ঘটনায় গতকাল দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক আক্রাম হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানা পুলিশ এবং শিক্ষার্থীরা জানান, কলেজের বাঘমারার ছাত্রাবাস মাঠে দুই ব্যাচের শিক্ষার্থীদের ক্রিকেট খেলা ছিল। এর একপর্যায়ে উভয় পক্ষে বাগিবতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪৫তম ব্যাচের শহীদুল ইসলাম আহত হন।রাতে অধ্যক্ষ আমিনুল হক বিএমএর নেতাদের সঙ্গে নিয়ে ছাত্রাবাসে শিক্ষার্থীদের খোঁজ নিতে যান। এ সময় ওই দুই ব্যাচের শিক্ষার্থীরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ৪৫তম ব্যাচের জিয়াউল হাসান, আবদুল্লাহ আল মামুন, সজীব কুমার ভূঁইয়া ও শহীদুল ইসলাম এবং ৪২তম ব্যাচের আরাফাত হোসেন, সজীব ইমতিয়াজুর রহমান, মোয়াজ্জেম হোসেন ও জহিরুল হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আবদুল্লাহ আল মামুনকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। অধ্যক্ষ আমিনুল হকের সঙ্গে এ ব্যাপারে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তবে সকালে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও দুপুরের পর ক্লাস ও পরীক্ষা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, কলেজের ক্যাম্পাস ও হোস্টেলের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে হোস্টেলে এখনো পুলিশ মোতায়েন রয়েছে।