ময়মনসিংহ মেডিকেলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে সংঘর্ষের আশঙ্কায় ময়মনসিংহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজ সোমবার সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বর্ষের শিক্ষার্থীদের ক্লাস সাময়িক স্থগিত রাখা হয়েছে ও তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল, অনুপম ও সিয়াম পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করেন। এ ঘটনার জের ধরে পঞ্চম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ সন্ধ্যার মধ্যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়। ওই শিক্ষার্থীদের ক্লাস সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

সভায় পঞ্চম বর্ষের শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল, অনুপম ও সিয়ামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্তে বহিষ্কৃত তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ আ ন ম ফজলুল হক পাঠান বলেন, কলেজের শতকরা আশি ভাগ কাজই সচল থাকবে। শুধু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।