ময়মনসিংহ মেডিকেলের প্রাক্তন ছাত্রদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘পাথরে লেখা নাম মুছে ফেললেও দেশের ১৬ কোটি মানুষের মন থেকে জিয়ার নাম কোনো দিন মুছে ফেলা যাবে না।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) একদলীয় কর্মকাণ্ড এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে শহীদ জিয়াউর রহমান অডিটোরিয়ামের নাম পরিবর্তনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সুবর্ণজয়ন্তী সাধারণ ছাত্রছাত্রীসহ সবার বিষয়। অথচ এ সরকার সেই অনুষ্ঠানকেও দলীয়করণ করেছে। কলেজের যে মিলনায়তনে অনুষ্ঠান হবে, সেটি জিয়াউর রহমানের নামে থাকায় ওই নামটিও পরিবর্তন করেছে।ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন। ওই কলেজ থেকে উত্তীর্ণ ও পেশায় প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের অনেকে বক্তব্য দেন। তাঁরা সর্বজনীন সুবর্ণজয়ন্তীকে ছাত্রলীগের পুনর্মিলনীতে পরিণত করার নিন্দা জানান।