ময়মনসিংহ শহরে কিশোর খুন
ময়মনসিংহ শহরের ব্যস্ততম গাঙ্গিনারপাড় হকার মার্কেটে গতকাল বৃহস্পতিবার বিকেলে শত শত লোকের সামনে এক কিশোর খুন হয়েছে। নিহত কিশোরের নাম আল-আমীন হূদয় (১৬)। সে শহরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ৩ নম্বর স্বদেশী বাজারের হূদয় হার্ডওয়্যারের মালিক আল-আমীন হূদয় গতকাল ইফতারের কিছুক্ষণ আগে হকার মার্কেটে যায়। সেখানে তার দোকানের সাবেক কর্মচারী রবিন ও সঙ্গীরা তার সঙ্গে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে তারা আল-আমীনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে আল-আমীনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, নিহতের মায়ের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে আল-আমীনের এক চাচা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আবার ঘটনাস্থলের লোকজন বলছে, দুই দিন আগে দোকানের কর্মচারী রবিনের সঙ্গে আল-আমীনের মারামারির ঘটনার জের ধরে রবিন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা চালিয়েও রবিনকে পাওয়া যায়নি।