ময়মনসিংহ শহরে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত এক তরুণকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার জেলা শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, সিসি ক্যামেরায় ওই তরুণকে চেনা গেলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
গত বৃহস্পতিবার বিকেলে একটি রিকশাকে পাশ কাটানো নিয়ে ওই তরুণের সঙ্গে বাসচালকের কথা-কাটাকাটির জের ধরে ময়মনসিংহ শহরের সাহেব আলী রোডে বিশ্ববিদ্যালয়ের প্রভাতী নামের একটি বাস ভাঙচুর করেন কয়েকজন তরুণ। এ সময় তাঁদের ছোড়া ইটের আঘাতে বাসের কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ময়মনসিংহ শহরের নতুন বাজার ও গাঙ্গিনারপার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, ওই তরুণ তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে বাসে ভাঙচুর চালিয়েছেন। তিনি ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকেন। শহরের সাহেব আলী রোডের একটি দোকানের সিসি টিভির ক্যামেরায় তাঁকে স্পষ্ট চেনা গেলেও পুলিশ গ্রেপ্তার করছে না।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা একটা পর্যন্ত গাঙ্গিনারপার ও নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েন শহরবাসী। পুলিশ এসে ওই তরুণকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তরুণকে গ্রেপ্তার করা না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজুয়ান আহমেদ বলেন, বাস ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। থানার ওসি কামরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের গ্রেপ্তার করা হবে। এতে কোনো রাজনৈতিক চাপ নেই।