ময়মনসিংহ শহরের অবৈধ ব্যানার সাইনবোর্ড অপসারণ
ময়মনসিংহ শহরের যত্রতত্র পৌরকর ফাঁকি দিয়ে টানানো বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার-সাইনবোর্ডের অপসারণ অভিযান গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু মমতাজ সাদ উদ্দিনের নেতৃত্বে দুটি দল শহরের নতুন বাজার এলাকা থেকে এ অভিযান শুরু করে।প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সারা শহরে টানানো অবৈধ ব্যানার-সাইনবোর্ড নামিয়ে নিতে এবং নতুন করে না টানাতে মঙ্গলবার (আজ) থেকে মাইকিং করা হবে। পুনরায় অনুমতি না নিয়ে ব্যানার-সাইনবোর্ড ও নিয়ন সাইন টানানো হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে। পণ্ডিতপাড়ার গৃহিণী আয়েশা আফরোজ বলেন, ‘কর্তৃপক্ষ চাইলে কিনা করতে পারে! বাজারে আসার সময় কেমন নোংরা দেখলাম। আর এখন কত সুন্দর চারপাশ।’ খুলে আনা ব্যানার ও সাইনবোর্ড পরে আগুনে পুড়িয়ে ফেলা হয়।১১ আগস্ট প্রথম আলোয় ‘অবৈধ ব্যানার-সাইনবোর্ডের শহর’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ময়মনসিংহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইকরামুল হক বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে আমরা অভিযান শুরু করেছি। জনদুর্ভোগ ও শহরের সৌন্দর্য হানিকর এ জাতীয় অবৈধ কাজ যারা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’