রাস্তায় নাক চেপে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরতলির চরকালীবাড়ি এলাকার ভাগাড়টির কারণে অতিষ্ঠ মানুষ। আবর্জনার দুর্গন্ধে নাক চেপে চলতে হয় তাদের। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ময়মনসিংহ শহরতলির চরকালীবাড়ি এলাকার ভাগাড়টির কারণে অতিষ্ঠ মানুষ। আবর্জনার দুর্গন্ধে নাক চেপে চলতে হয় তাদের। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ময়মনসিংহ আন্তজেলা বাস টার্মিনালের অদূরে শহরতলির চরকালীবাড়ি এলাকায় অবস্থিত পৌরসভার ভাগাড়। প্রায় দেড় যুগ ধরে সেখানে আবর্জনা ফেলা হচ্ছে। পচা আবর্জনার গন্ধে অতিষ্ঠ বাস টার্মিনাল দিয়ে চলাচলকারী যাত্রী ও স্থানীয় লোকজন।

এই টার্মিনাল দিয়ে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও শেরপুর ও কিশোরগঞ্জ জেলায় বাস চলাচল করে। এ ছাড়া অন্যান্য যান তো আছেই। এসব গাড়ির যাত্রীরা নিয়মিত ভোগান্তি পোহাচ্ছে ভাগাড়টির কারণে। সারা বছর দুর্গন্ধ ছড়ালেও বর্ষা মৌসুমে তা প্রকট আকার ধারণ করে। বৃষ্টিতে আবর্জনা ছড়িয়ে পড়ছে মহাসড়কে।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, ভাগাড়ের দেয়ালের বাইরে আবর্জনা ছড়িয়ে পড়েছে। তা গিয়ে পড়েছে মহাসড়কের কিছু অংশে। আবর্জনার গন্ধে বাস, ট্রাক, অটোরিকশার যাত্রী ও পথচারীরা নাক-মুখ চেপে চলাচল করছে। এদিন ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই যানজটে আটকে থাকা বাসের যাত্রীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে।

নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী শাহীনুর রহমান বলেন, ‘গন্ধে বমি আসার উপক্রম।’ চরকালীবািড় এলাকার পথচারী জামাল মিয়া বলেন, ‘প্রতিদিন এই পথ দিয়ে ময়মনসিংহ শহরে যাই। দুর্গন্ধে দম আটকে আসতে চায়।’

হালুয়াঘাটের বাসিন্দা আবুল কালাম ব্যবসার কাজে সপ্তাহে অন্তত দুই দিন ময়মনসিংহ শহরে যান। বললেন, ‘এখানে আসার আগে নাক চেপে ধরাটা এখন অভ্যাস হয়ে গেছে।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আবর্জনা ফেলার কারণে তাঁরা এখন ওই অংশের নাম দিয়েছেন ‘ময়লাকান্দা’। ময়লাকান্দা বললে এখন সবাই জায়গাটি চেনেন।

ময়মনসিংহ পৌরসভা সূত্র জানায়, শহর-সংলগ্ন শম্ভুগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হওয়ার পর প্রায় ১৮ বছর ধরে পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে চরকালীবাড়ি এলাকার ওই ভাগাড়ে। তিন একর জমির ওপর ভাগাড়টি অবস্থিত। দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলায় গত বছরের বর্ষা মৌসুমে এটি উপচে যায়। আবর্জনা গিয়ে পড়ে মহাসড়কে। তখন আবর্জনা আটকে রাখার জন্য একটি দেয়াল তৈরি করা হয়। কিন্তু তারপরও আবর্জনা ছড়িয়ে পড়ে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়ম করে সেই আবর্জনা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন।

মেয়র মো. ইকরামুল হক বলেন, পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আবর্জনা নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু বৃষ্টির কারণে কিছু অসুবিধা হচ্ছে। বিষয়টির স্থায়ী সমাধানের পরিকল্পনা আছে।