ময়মনসিংহ শহরের সড়কগুলো বেহাল, জনদুর্ভোগ
ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কের কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে স্থানে স্থানে পানি জমে। এসব সড়কে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটে। জনগণকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্রের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর মোড় থেকে চরপাড়া মেডিকেল কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অনেক অংশ বেহাল হয়ে পড়েছে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে প্রতিদিন লোকজন জরুরি স্বাস্থ্যসেবা নিতে এই সড়ক ব্যবহার করে। সড়কের ভাটিকাশর কবরস্থান ও বাঘমারা এলাকায় প্রায় এক কিলোমিটার অংশের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। রোববার বিকেলে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সড়কের ছাল-বাকল নেই। যানজট লেগে থাকে। এইটুক রাস্তা পার হতে জান বের হয়ে যায়। এই রাস্তা শিগগির সংস্কার করা দরকার।’ শহরের নতুন বাজার-ত্রিশাল বাসস্ট্যান্ড, ক্যান্টনমেন্ট-জিলা স্কুল মোড়, পাটগুদাম-কেওয়াটখালী সড়কের কার্পেটিং উঠে গেছে। এসব সড়কের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে। নাম প্রকাশ না করার শর্তে নতুন বাজার এলাকার এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, রাস্তায় বৃষ্টির পানি জমে থাকলে দোকান করা খুবই অসুবিধা হয়। সারা দিনই বেচাকেনা কম হয়। পৌর মেয়র ইকরামুল হক বলেন, শহরের বিভিন্ন সড়ক আপাতত রক্ষণাবেক্ষণ করে যান চলাচলের উপযোগী রাখা হবে। বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হয়ে গেলে কার্পেটিংয়ের কাজ শুরু হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক বলেন, সেতুর মোড় থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত দুই কিলোমিটার সড়কের অনেক স্থানের অবস্থা নাজুক। বর্ষার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে কার্পেটিং করা হবে।