ময়মনসিংহ সদরে ভীতি ছড়াচ্ছে আ.লীগ!
ময়মনসিংহ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে ভীতি ছড়ানোর অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা। তবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে প্রশাসন। কাল শনিবার (৭ মে) সদরের পাঁচটি ইউপিতে ভোট হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১৩টি ইউনিয়ন আছে। তবে ময়মনসিংহ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণের কাজ চলমান থাকায় আটটি ইউনিয়নে ভোট হচ্ছে না। অষ্ঠধার, কুষ্টিয়া, ঘাগড়া, পরানগঞ্জ ও বোররচর ইউনিয়নে ভোট হচ্ছে।
পাঁচটি ইউপিতেই আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করায় ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয় লোকজন আভাস দিয়েছেন। তবে কয়েকটি ইউপিতে আওয়ামী লীগের কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়াচ্ছেন বলে বিএনপির প্রার্থীরা অভিযোগ করেছেন।
ঘাগড়া ইউপিতে বিএনপির মনোনীত প্রার্থী মো. হাফিজ উদ্দিন ও কয়েকজন ভোটার বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দলের প্রার্থী শাহ জাহান সরকারের কর্মীরা সাধারণ ভোটারদের বলছেন, আওয়ামী লীগের প্রার্থী এক ভোট পেলেও চেয়ারম্যান নির্বাচিত হবেন। কর্মীরা এ-ও বলছেন, আওয়ামী লীগের প্রার্থী যদি নির্বাচনে পরাজিতও হন, তবু এলাকার উন্নয়নকাজ তাঁকে দিয়েই হবে। ওই ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান আরজু। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করলেও সেটা খুব বেশি নয়। বিএনপির অষ্ঠধার ইউপির প্রার্থী তারেক হাসান, বোররচর ইউপির বিএনপির প্রার্থী আতাহারুল ইসলাম এবং এ দুই ইউপির কয়েকজন ভোটার অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা নির্বাচনে প্রভাব খাটিয়ে জয় ছিনিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে প্রচার করা হচ্ছে, যেকোনো মূল্যে দলীয় প্রার্থীকে তাঁরা বিজয়ী করবেন।
বিএনপির প্রার্থী ও ভোটারদের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। বোররচর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শওকত আলী বলেন, ওই সব অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনে পরাজয় অনুমান করতে পেরে অপপ্রচার চালানো হচ্ছে। শওকত আলী পাল্টা অভিযোগ করেন, স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর কর্মীরা বিভিন্ন জায়গায় তাঁর কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছেন।
ঘাগড়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী শাহ জাহান সরকারও অভিযোগ অস্বীকার করেছেন।
বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা আরও বলেন, গত দুই ধাপে ময়মনসিংহের পাঁচটি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে প্রশাসনের ভূমিকা ছিল কঠোর। সদরের সব প্রার্থীকে নিয়ে গত মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বিএনপিসহ জাতীয় পার্টির প্রার্থীরাও প্রশাসনের ওপর আস্থা রেখে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছেন।