ময়মনসিংহকে বিভাগ করার দাবিতে তিন দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিভাগ, সিটি করপোরেশন, শিক্ষা বোর্ড স্থাপনসহ সাত দফা দাবি জানিয়েছে সর্বস্তরের নাগরিকদের সমন্বয়ে গঠিত ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ। সংগঠনটি এসব দাবি আদায় ও জনমত গঠনের লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী পথসভা ও লিফলেট বিতরণের কর্মসূচি নিয়েছে।গতকাল সোমবার দুপুরে জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে সংগঠনের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান খান সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণাকালে আনিসুর রহমান বলেন, উপমহাদেশের বৃহত্তম জেলা ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা, শিক্ষা বোর্ড স্থাপন, সিটি করপোরেশনে উন্নীতকরণ, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নির্মাণকাজ অবিলম্বে সমাপ্তি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ ত্বরান্বিত করা ও সড়কের বর্তমান ভাঙা অংশ দ্রুত সংস্কার করে যাত্রী দুর্ভোগ লাঘব, ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেলপথে দ্বৈত ব্রডগেজ লাইন স্থাপনসহ এ অঞ্চলের উন্নয়নের অপরাপর দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তিনি এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম, মোয়াজ্জেম হোসেন বাবুল, শাহ সাইফুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, ফয়জুর রহমান, শরীফ উদ্দিন ও হোসনে আরা প্রমুখ।