ময়মনসিংহকে বিভাগ ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ গতকাল শনিবার মিছিল-সমাবেশ করেছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ নানা পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আনিসুর রহমান খান আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ থেকে ২৪ মার্চ পর্যন্ত পাঁচ দিন বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলায় গণসংযোগ, ২৮ ও ৩১ মার্চ রোডমার্চ এবং ২৪ এপ্রিল কনভেনশন কর্মসূচি। আনিসুর রহমান বলেন, সরকার তাঁদের দাবি মেনে নিয়ে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা না করলে তাঁরা এইচএসসি পরীক্ষার পর কঠিন আন্দোলনে যাবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মারুফী খান, অধ্যক্ষ জিয়া উদ্দিন সাকির, সদর উপজেলা চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির, ভাইস চেয়ারম্যান আরজোনা কবীর, মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা, কে আর ইসলাম, আ ন ম ফজলুল হক পাঠান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল হক, নজরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মোয়াজ্জেম হোসেন, এহতেশামুল আলম, সাদেক হোসেন খান, অধ্যাপক মিহির সিকদার, অধ্যাপক মফিজুন নূর খোকা, জাসদের নেতা গিয়াস উদ্দিন, জেলা মোটর মালিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ ফারুকী, ন্যাশনাল পিপলস পার্টির নেতা রেজাউল আলম, শিব্বির আহাম্মেদ লিটন, প্রকৌশলী নূরুল আমীন কালাম, প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন, সুলতান উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম, বিএনপির নেতা কাজী রানা, চেম্বার অব কমার্সের পরিচালক শংকর সাহা, মুক্তিযোদ্ধা আবদুর রব প্রমুখ।