ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার দাবি
ময়মনসিংহকে বিভাগে উন্নীতকরণসহ ২৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত শুক্রবার ময়মনসিংহ শহরের একটি কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশ ও নাগরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকির। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিভাগ বাস্তবায়ন করতে আপনাদের সব কর্মকাণ্ডের সঙ্গে আমাকে পাবেন। আপনারা যদি হরতালও করেন আমি তাতে যোগ দেব। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আনিসুর রহমান খান। এতে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক, নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আতিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন আহাম্মদ, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান মিলকী, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, সহ-সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রব মোশারফ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, যেকোনো মূল্যে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন করতে হবে। আর তা বাস্তবায়নে যেকোনো আন্দোলন করতে বৃহত্তর ময়মনসিংহের দুই কোটি মানুষ অঙ্গীকারবদ্ধ।সমাবেশে ময়মনসিংহকে বিভাগে উন্নীতকরণ, ত্রিশালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, ব্রহ্মপুত্র নদের নাব্য ফিরিয়ে আনা, ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণসহ ২৮ দফা দাবি উপস্থাপন করা হয়।