ময়মনসিংহে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ!
সকাল সাড়ে আটটায় মেয়ে স্কুলে যাবে আর স্বামীকে নিয়ে এর কিছুক্ষণ পর সরকারি চাকরিজীবী শহরের রুটিওয়ালাপাড়ার বাসিন্দা গৃহকর্ত্রী রুমেনা খাতুন কর্মস্থলে যাবেন। তাই প্রতিদিনের মতো কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে নাশতা তৈরি করতে হেঁসেলে যান। অবাক কাণ্ড, চুলায় গ্যাস নেই! অগত্যা দোকান থেকে পাউরুটি ও কলা এনে সকালের নাশতা। পরে হোটেল থেকে খাবার আনিয়ে সপরিবারে দুপুরের খাওয়ার পর্ব। এতে পরিবারটিকে দিনভর দুর্ভোগে পড়তে হয়।গতকাল সোমবার এমন দুর্ভোগের চিত্র কেবল রুমেনা খাতুনের পরিবারেই ছিল না, এই চিত্র ছিল ময়মনসিংহ শহরে গ্যাস-সংযোগ নেওয়া হাজারো পরিবারের।গত রোববার রাত ১১টা থেকে সোমবার বেলা তিনটা পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহরের কয়েক হাজার আবাসিক গ্রাহকই নয়, দুর্ভোগে পড়েন অসংখ্য বাণিজ্যিক গ্রাহকসহ জেলখানা ও হাসপাতালের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোও।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল আউয়াল জানান, পাইপলাইন সরানোর জন্য অপারেশন বিভাগ গ্যাস সরবরাহ বন্ধ রেখে কাজ করে। এ কারণে গ্যাসের গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হয়েছে।তিনি দাবি করেন, আগের দিন মাইকিং করে অপারেশন বিভাগ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য এই সংস্কারকাজ করে। সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের যে দুর্ভোগে পড়তে হয়েছে, তার জন্য তিনি কর্তৃপক্ষের হয়ে দুঃখ প্রকাশ করেন।