ময়মনসিংহে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত দুই বোনের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সোমা আক্তার (৪) ও তামান্না আক্তার (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ঝড়ের সময় বজ্রপাতে সৌরবিদ্যুতের তারের মাধ্যমে আগুন লেগে বসত ঘরে ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।
নিহত ওই দুই শিশুর বাবার নাম মোখলেছুর রহমান। তিনি কৃষিকাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের ফুলপুরসহ বেশ কয়েকটি উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ের সময় ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে মোখলেছুর রহমানের বাড়ির পাশে বজ্রপাত হলে সৌরবিদ্যুতের তারের মাধ্যমে ঘরে আগুন ধরে যায়। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে পরিবারের সদস্যরা সবাই দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে পারলেও শিশু সোমা আক্তার ও তামান্না আক্তার ঘুমিয়ে থাকায় তাঁরা ঘর থেকে বের হতে পারেনি। পরে ঝড় থামলে পরিবারের সদস্যরা বসতঘরে এসে সোমা ও তামান্নার মৃতদেহ দেখতে পায়।
ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ফুলপুর থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ঘরের আড়ায় পাটখড়ি থাকায় ঝড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দুই শিশুর মৃত্যু হয়। পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।