ময়মনসিংহে অপহরণকারী ও র্যাব বন্দুকযুদ্ধ অপহূত উদ্ধার
অপহূত এক কৃষককে উদ্ধার করতে গিয়ে ময়মনসিংহে অপহরণকারীদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিবিনিময় হয়েছে। এ ঘটনায় দুই অপহরণকারী গুলিবিদ্ধ ও র্যাবের একজন কর্মকর্তা ছুরিকাহত হন। পরে র্যাব অপহূত ব্যক্তিকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে আটক করে। গত মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাহত র্যাবের কর্মকর্তা ও গুলিবিদ্ধ দুই অপহরণকারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে র্যাব কর্মকর্তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।র্যাব ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২ এপ্রিল হালুয়াঘাটের ধারা বাজারসংলগ্ন নওগাঁ গ্রামের কৃষক আশ্রব আলী (৫৫) অপহূত হন। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে তাঁর পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় পরদিন হালুয়াঘাট থানায় অপহরণ মামলা হয়। পরে বিষয়টি র্যাব-৯ ময়মনসিংহকে জানানো হয়। একই সঙ্গে দুই লাখ ১০ হাজার টাকায় মুক্তিপণের বিষয়টি রফা হয়। মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের এএসপি ওয়াহিদুর রহমানের নেতৃত্বে একটি দল ধারা বাজার এলাকার একটি বিলে টাকা লেনদেন করার কথা বলে ধানখেতে অবস্থান নেয়। অপহূতকে না এনে অপহরণকারীরা টাকা দাবি করলে সাদা পোশাকে র্যাব সদস্যরা তা দিতে অস্বীকৃতি জানান। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এএসআই আ. মান্নানের (৫৫) পেটে ছুরিকাঘাত করে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা অপহরণকারী দলের নেতা উপজেলার বটগাছিয়াকান্দা গ্রামের আবদুল হক ওরফে হক্কু (৪৫) ও তাঁর সহযোগী একই গ্রামের হরমুজ আলীকে (৪২) ধরে ফেলেন। অপহরণকারী দলের অন্য সদস্যরা তিনটি গুলি করে সঙ্গীদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। পরে ওই বিলে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে ওই দলের আরেক সদস্য মন্নাজকে (৫০) আটক করে র্যাব।র্যাব-৯-এর কোম্পানি-২-এর কমান্ডার মেজর জাভেদ জানান, আটক তিনজনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত তিনটার দিকে অপহূতকে উদ্ধার করতে পূর্বধারা গ্রামের একটি কবরস্থানে অভিযান চালানো হয়। সেখানে ইটের স্তূপের পেছন থেকে অপহরণকারীরা অতর্কিত গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে আবদুল হক ওরফে হক্কু ও হরমুজ আলী পায়ে গুলিবিদ্ধ হন। একপর্যায়ে অপহরণকারী দলের অন্য সদস্যরা অপহূত আশ্রব আলীকে ফেলে পালিয়ে যায়। দুই দফা অভিযানে অপহরণকারীদের ফেলে যাওয়া একটি রিভলভার, একটি বন্দুক এবং তিনটি গুলি উদ্ধার করেন র্যাব সদস্যরা।