ময়মনসিংহে অপহরণের পাঁচ দিন পর ইউপি সদস্য উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পাঁচ দিন পর গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামসুদ্দিন দুলালকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে।
গতকাল বুধবার দুপুরে জেলা ডিবি পুলিশ আনুষ্ঠানিকভাবে শামসুদ্দিনকে উদ্ধার ও অপহরণের ঘটনার কথা সাংবাদিকদের জানায়। অপহরণের অভিযোগে আটক হওয়া তিনজন হলেন নারায়ণগঞ্জের বন্দর থানার আলেয়া বেগম, যশোরের কেশবপুর উপজেলার মফিজুল ইসলাম ও শরীয়তপুরের আবদুর রাজ্জাক।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত তিনজন ও তাঁদের কয়েকজন সহযোগী সম্প্রতি ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় একটি বাড়ি ভাড়া নেন। মার্চ মাসের শেষের দিকে তাঁরা ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে গিয়ে কম্পিউটার শেখানোর শিক্ষাপ্রতিষ্ঠান করবেন জানিয়ে শামসুদ্দিনকে জমি কিনে দেওয়ার কথা বলেন। পরে তাঁরা তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। শামসুদ্দিনকে কম্পিউটার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদার হওয়ার প্রস্তাব করলে তিনি রাজি হন। এ জন্য গত ৩১ মার্চ রাতে শামসুদ্দিন কিছু টাকা নিয়ে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার ওই বাড়িতে যান। এরপর থেকে শামসুদ্দিনকে খোঁজাখুঁজি করেও পায়নি তাঁর পরিবার। পরে মঙ্গলবার শামসুদ্দিনের মেয়ের জামাই হামিদুল বিষয়টি পুলিশকে জানান।
মঙ্গলবার রাতে ডিবি পুলিশ ময়মনসিংহ শহরের আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে শামসুদ্দিনকে উদ্ধার করে। এ সময় নারীসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় শামসুদ্দিনের মেয়ের জামাই হামিদুল বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, অপহরণের ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।