ময়মনসিংহে অপহরণের সাত দিন পর কিশোরের লাশ উদ্ধার
ময়মনসিংহে অপহরণের সাত দিন পর জাহাঙ্গীর (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হোস্টেলের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে এ ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে শহরের জে সি গুহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার মৃত বাবুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর সকাল নয়টায় স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে জাহাঙ্গীরের কথা-কাটাকাটি হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় অপহরণের অভিযোগে ১০ সেপ্টেম্বর জাহাঙ্গীরের মা জাহানারা বেগম বাদী হয়ে কৃষ্টপুর এলাকার রিপন, রাসেল, নাঈম ও আলমগীরের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করতে না পারায় গত মঙ্গলবার তার স্বজন ও প্রতিবেশীরা কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের সেপটিক ট্যাংকে জাহাঙ্গীরের লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেখানে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঈশ্বরগঞ্জে তরুণের লাশ উদ্ধার
আমাদের নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশ থেকে বৃহস্পতিবার এক তরুণের লাশ উদ্ধার করেছেন তাঁর পরিবারের লোকজন। ওই তরুণের নাম মো. মনিরুল ইসলাম চকদার (৩২)। তিনি উপজেলার তেরচাটি গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল মালেক চকদারের ছেলে। গতকাল শুক্রবার আবদুল মালেক বলেন, ২০ সেপ্টেম্বর একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করার কথা ছিল তাঁর ছেলে মনিরুলের। বৃহস্পতিবার সন্ধ্যার পর মুঠোফোনে কল পেয়ে তাঁর ছেলে বাড়ি থেকে বের হয়। রাত প্রায় ১০টার দিকে তাঁর ভাতিজা সাব্বির হোসেন বাড়িতে এসে তাঁকে জানায়, মনিরুলের লাশ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পশ্চিম পাশে পড়ে আছে। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে গিয়ে মনিরুলের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে তাঁদের কাছ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আবদুল মালেক অভিযোগ করেন, উপজেলার হারুয়া গ্রামের আবুল কাশেম ফকিরের ছেলে রাজন ফকির তাঁর ছেলে মনিরুলের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ধার নিয়েছিল। ওই টাকা পরিশোধ করার জন্য তাঁর ছেলে রাজনকে চাপ দিচ্ছিল। এ জন্যই মনিরুলকে পরিকল্পনা করেই হত্যা করেছে রাজন। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি রহস্যজনক। লাশের বাঁ পা ভাঙা ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মনিরুলের বাবা বৃহস্পতিবার রাতে রাজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।