ময়মনসিংহে অস্ত্র ব্যবসায়ীসহ সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহর ও সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ছাত্রদলের নেতাসহ চার অস্ত্র ব্যবসায়ী এবং উপজেলা যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি একনলা বন্দুক, নয়টি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ীরা হলেন ধোবাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য রামনাথপুর গ্রামের শিমুল মিয়া (২৬), রানীপুর কলসিন্দুর গ্রামের শাহ আলম (২০), কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মাজেদুর রহমান খান (৩২) ও নেত্রকোনার আটপাড়া থানার জাহিদ হাসান (২৬)। এ ছাড়া অস্ত্রসহ গ্রেপ্তার তিনজন হচ্ছেন ধোবাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরে আলম (৩৩) এবং সদস্য মজনু মিয়া (৩১) ও জামাল হোসেন (২৫)। এঁদের মধ্যে মজনু ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মৃধার ছোট ভাই। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি ও ধোবাউড়া থানায় দুটি মামলা করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহের র‌্যাব-৯-এর কোম্পানি-২-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৯-এর প্রধান উইং কমান্ডার সৈয়দ অনঘ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের একটি দল সাদা পোশাকে অস্ত্রের ক্রেতা সেজে শহরের একটি হোটেল থেকে চার অস্ত্র ব্যবসায়ীকে বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেন। আটক অস্ত্র ব্যবসায়ীদের তথ্যের ভিত্তিতে রাতেই ধোবাউড়ার কলসিন্দুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জামাল হোসেনকে একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়। পরে ভুট্টা গ্রামের নুরে আলমকে (৩৩) একটি বিদেশি পিস্তল, দুটি গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। নুরে আলমের তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা মজনু মিয়াকে (৩১) আটক করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলিসহ একটি ম্যাগাজিন, একটি একনলা বন্দুক ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং অস্ত্র বহনকারী মজনু মিয়া, নুরে আলম ও জামাল হোসেনকে র‌্যাব হস্তান্তর করেছে। নুরে আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনেও একটি মামলা রয়েছে।এদিকে মামলার কথা নিশ্চিত করে ময়মনসিংহ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, অস্ত্র ব্যবসায়ী মাজেদুর রহমান খান, শিমুল মিয়া, শাহ আলম ও জাহিদ হাসানকে কাল আদালতে পাঠানো হবে।