ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেপ্তার দুই সাংবাদিক তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের মাসকান্দা বিসিক এলাকায় দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসানের বাড়ি থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মেহেদী হাসান এবং ওই পত্রিকার সাংবাদিক মো. রাসেলকে তিন দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক আহসান হাবিব এই রিমান্ড মঞ্জুর করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমারত হোসেন গাজী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ গত সোমবার দুই আসামির সাত দিন করে রিমান্ড চান। তখন আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। গতকাল বিকেলে ১ নম্বর আমলি আদালতে আসামিদের হাজির করা হলে বিচারক আহসান হাবিব তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার ভোরে মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে ও রাসেলকে তিনটি বিদেশি পিস্তল, চায়নিজ রাইফেলের যন্ত্রাংশ, বিভিন্ন ধারালো অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ আটক করে ডিবি।