ময়মনসিংহে আ.লীগ বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১০
ময়মনসিংহে গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দলীয় কার্যালয় থেকে হরতালবিরোধী মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা শহরের গাঙ্গিনার পারে অবস্থান নেন। এদিকে বিএনপিও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় নতুন বাজারের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বিএনপির মিছিলে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। বিএনপির কর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে তিনজন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, বিএনপি কর্মীদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।