ময়মনসিংহে আইনজীবীদের আদালত বর্জন
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এক আসামির জামিন নামঞ্জুর করায় ক্ষুব্ধ হয়ে ওই আদালত বর্জন করেন আইনজীবীরা। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার জামিন শুনানি চলছিল। শুনানি শেষে আলমগীর নামের এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল আলম। আলমগীরের আইনজীবী পীযূষ কান্তি সরকার ও মোয়াজ্জেম হোসেন আবেদনটি পুনরায় বিবেচনার জন্য বিচারক রফিকুলের কাছে মৌখিক আবেদন করেন। এতে বিচারক ক্ষিপ্ত হয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার কথা বলে সাময়িক বা পূর্ণ মুলতবি ঘোষণা না দিয়েই বিচার কক্ষ (এজলাস) থেকে বের হয়ে যান। কিছুক্ষণের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে অনেক আইনজীবী চলে আসেন। পরে তাঁরা একযোগে আদালত বর্জনের ঘোষণা দিয়ে আদালত ত্যাগ করেন।
পীযূষ কান্তি সরকার ও মোয়াজ্জেম হোসেন বলেন, যে মামলায় আলমগীরের জামিন আবেদন করা হয়েছিল, সে মামলার এজাহারে তাঁর নাম ছিল না। এ ছাড়া ওই মামলায় রুবেল নামের এক আসামি আলমগীর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারক রুবেলের জামিন মঞ্জুর করলেও আলমগীরের জামিন নামঞ্জুর করেন। এতে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে সবাই একযোগে গতকাল আদালত বর্জন করেন। আইনজীবীদের অভিযোগ, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আদালত মুলতবি ঘোষণা না করেই বিচারকের চেয়ার থেকে চলে যান।
তবে অাদালত সূত্রে জানা গেছে, আইনজীবীরা আদালত মুলতবি না করার যে অভিযোগ করেছেন, এটা ঠিক না। বিচারক সাময়িক মুলতবি ঘোষণা করেছেন। তাঁরা (আইনজীবীরা) হয়তো তা শুনতে পারেননি।