ময়মনসিংহে আজ যুবদল-ছাত্রদলের হরতাল
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা বিএনপি, অঙ্গসংগঠন ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় হরতাল ডেকেছে যুবদল-ছাত্রদল।গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহে সংবাদ সমেঞ্চলন করে সংগঠনের ময়মনসিংহ জেলায় হরতালের ঘোষণা দেন জেলা সভাপতি শামীম আজাদ। তিনি বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে বাধা দিতে ১৪৪ ধারা করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।মুক্তাগাছা উপজেলার রসুলপুর থেকে ময়মনসিংহ শহর হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা ও ভালুকা উপজেলার মাস্টারবাড়ি পর্যন্ত দীর্ঘ ৯০ কিলোমিটার এলাকায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছিল ময়মনসিংহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তারেক রহমানকে গ্রেপ্তারের দাবিতে ত্রিশাল ও ভালুকা উপজেলা ছাত্রলীগ আজ বৃহস্পতিবার একই সময় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করায় বিশৃঙ্খলা এড়াতে ত্রিশাল উপজেলায় বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই দিন সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।ত্রিশাল ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ বলেন, ‘তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা কর্মসূচি ঘোষণা করেছি।’