ময়মনসিংহে আজ শেষ হচ্ছে ক্যাম্প

ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে গতকাল শুক্রবার গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে তিন দিনব্যাপী আই-জেন আবাসিক ক্যাম্পের দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শেষ হবে এই ক্যাম্প।
এতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের জেলা পর্যায়ে আই-জেন প্রতিযোগিতার বিজয়ী সাতটি বিদ্যালয় দলের মোট ৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তিন দিনব্যাপী কর্মশালা ও প্রতিযোগিতা শেষে একটি বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হবে।
আবাসিক এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের গতকাল ইন্টারনেটের মাধ্যমে ইফেক্টিভ সার্চিং বিষয়ে শেখানো হয়। এ ছাড়া ওয়েবসাইটের উপাদান ও সাইট তৈরি করা শেখানো হয়। পরে এসব বিষয়ের ব্যবহারিক ক্লাস নেওয়া হয়। সন্ধ্যার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ক্যাম্পে অংশ নিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামালপুর জিলা স্কুল, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, আফতাব উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়।